প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৬, ৪:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ১১:৫৬ এ.এম
কমলগঞ্জে বিয়ের আয়োজন করেও আসেনি বরপক্ষ, যৌতুকের অভিযোগ,

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বিয়ের সব আয়োজন সম্পন্ন হলেও নির্ধারিত দিনে কনেবাড়িতে উপস্থিত হয়নি বরপক্ষ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে যৌতুক লেনদেনের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন বরের স্বজনেরা। তাঁদের দাবি, বরপক্ষের দেওয়া টাকা যৌতুক নয়, বরং পাওনা টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে। কনে খয়রুন ওরফে মনোয়ারা বেগম (৩৫) আদমপুর বাজার এলাকার কাউয়ারগলার মন্তু মিয়ার মেয়ে। অন্যদিকে, বর আবাস আলী একই উপজেলার জালালপুর গ্রামের বাসিন্দা ও কুয়েতপ্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, আবাস আলী ২০১৭ সালে জীবিকার উদ্দেশ্যে কুয়েতে যান। স্থানীয়দের দাবি, ২০১৯ সাল থেকে খয়রুন বেগমের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দেশে ফিরে তাঁকে বিয়ে করার আশ্বাস দেন আবাস আলী। তবে বিয়ের আয়োজন সম্পন্ন হলেও নির্ধারিত দিনে বরপক্ষ কনেবাড়িতে উপস্থিত হয়নি।
এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) খয়রুন বেগম কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আবাস আলী প্রবাসে থাকাকালে তার কাছ থেকে ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, খয়রুন বেগমের আগে বিয়ে হয়েছিল এবং তাঁর ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। এসব বিষয় জানার পরও আবাস আলী তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখেন এবং বিয়ের আশ্বাস দেন।
এ বিষয়ে বরের বড় ভাই ইয়াছিন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথমে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে অডিও বক্তব্য দিতে সম্মত হন। তিনি যৌতুকের অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর দুলাভাই আইন উদ্দিন যে টাকা নিয়ে এসেছেন, তা যৌতুকের টাকা নয়; বরং পাওনা টাকা।
ইয়াছিন আলী আরও দাবি করেন, তাঁর ভাই আবাস আলীর বয়স ২৭ বছর। ওই নারীর সঙ্গে বিয়ের বিষয়ে আলোচনা হয়েছিল। তবে নারীর আগে বিয়ে হয়েছিল এবং তাঁর একটি সন্তান রয়েছে এ বিষয়টি তাঁদের কাছে গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আবাস আলী বিদেশ থেকে দেশে ফিরে ওই নারীর বাড়িতে প্রথমে উঠেছিলেন এবং সেখানে টাকা-পয়সাও দিয়েছিলেন।
তবে বরের বড় ভাই ইয়াছিন আলী নিজেই বিয়ের আয়োজনের বিষয়টি অস্বীকার করেছেন। এ বিষয়ে বর আবাস আলীর বক্তব্য নিতে বাড়িতে গিয়ে বক্তব্য পাওয়া যায় নি।
এদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা না বলার জন্য আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন তাঁকে পরামর্শ দিয়েছিলেন বলে অভিযোগ করেন ইয়াছিন আলী।
তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, বিয়ের বিষয়টি তিনি আগে জানতেন না। কেউ তাঁকে এ বিষয়ে অবগত করেননি। থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের কাছ থেকে তিনি ঘটনাটি জানতে পারেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ দাস বলেন, অভিযোগের ভিত্তিতে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল বিয়েবাড়িতে গিয়ে তদন্ত করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। সালিশে সমাধান না হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে বিয়ের আয়োজন, টাকা লেনদেন এবং নির্ধারিত দিনে বরপক্ষের অনুপস্থিতির প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করা প্রয়োজন।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি