প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ১০:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৮:২৩ এ.এম
কমলগঞ্জে সরকারি সফরে আসছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

- ডেস্ক নিউজ : কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান এবং সাবেক সিলেট সিটি করপোরেশন-এর মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-এর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি সফরে তিনি নিজ জন্মভূমি কমলগঞ্জ উপজেলা সফরে আসছেন।
সরকারি সফরসূচি অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান-এর কবর জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টায় তিনি বরুনা মাদরাসা পরিদর্শন করবেন এবং স্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
দুপুর আড়াইটায় মন্ত্রী কমলগঞ্জ উপজেলায় তাঁর দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। জন্মভূমিতে এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা উপস্থিত থেকে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করবেন।
সফর শেষে বিকেল সাড়ে ৩টায় মন্ত্রী সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন।
উল্লেখ্য, দাদা-দাদীর কবর জিয়ারত এবং বরুনা মাদরাসা পরিদর্শনকে কেন্দ্র করে কমলগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, জন্মভূমির উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মন্ত্রীর এই সফর ইতিবাচক ভূমিকা রাখবে।
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি