রুবেল আহমদ, শ্রীমঙ্গল : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুনা এলাকা থেকে আবারও একটি অজগর সাপ নিষিদ্ধ চায়না জালে আটকা পড়ার ঘটনা সামনে এসেছে। এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মী ও বন্যপ্রাণীপ্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
পরিবেশকর্মীরা জানান, অবাধে ব্যবহৃত নিষিদ্ধ চায়না জাল শুধু মাছের জন্যই নয়, বিভিন্ন বন্যপ্রাণীর জন্যও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর আগে একাধিকবার সাপ, কচ্ছপসহ বিভিন্ন প্রাণী এসব জালে আটকা পড়ার ঘটনা ঘটেছে।
তাদের মতে, চায়না জালের ব্যবহার অব্যাহত থাকায় জলজ ও স্থলজ জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। তাই দ্রুত এসব জালের ব্যবহার বন্ধে কার্যকর অভিযান পরিচালনা এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।