
মো: আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে শিক্ষার্থী, চা শ্রমিক, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বুধবার (১৭ জুন) ঐতিহাসিক ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ জনসভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং চা বাগান এলাকার শ্রমিকরাও স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশ নেন। মাঠের পাশাপাশি আশপাশের সড়ক ও খোলা স্থানেও মানুষের ভিড় দেখা যায়।
[caption id="attachment_34673" align="alignnone" width="300"]
বৃষ্টিতে ভিজে প্রধানমন্ত্রীর জনসভায় শিক্ষার্থীরা[/caption]
অনুষ্ঠান চলাকালীন সময়ে বৃষ্টি শুরু হলেও উপস্থিত মানুষের আগ্রহে ভাটা পড়েনি। অনেকে ছাতা ব্যবহার করে, আবার অনেকে বৃষ্টিতে ভিজেই পুরো অনুষ্ঠান উপভোগ করেন। বিশেষ করে নারী চা শ্রমিকদের উল্লেখযোগ্য উপস্থিতি সবার দৃষ্টি আকর্ষণ করে।
মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫৫টি অসহায় পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন এবং সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় মানুষের উন্নয়ন ও কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পর শ্রীমঙ্গলে এমন বড় পরিসরের জনসমাগমের সাক্ষী হয়েছে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।