স্টাফ রিপোর্টার:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের অকুতোভয় গেরিলা যোদ্ধা এবং চুয়াডাঙ্গার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান নান্টু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারিক সূত্রে জানা যায়, জীবদ্দশায় তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। মুক্তিযুদ্ধে তাঁর সাহসিকতা ও অবদান স্থানীয়ভাবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদান এবং জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাঁকে শেষ বিদায় জানানো হয়।
বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্থানীয় বিশিষ্টজনরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, নুরুজ্জামান নান্টুর দেশপ্রেম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।