মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আকস্মিক কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী কালবৈশাখি ঝড়ে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শুরু হওয়া ঝড় ও বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। এতে বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায় এবং একাধিক ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়। শমশেরনগর বাজারের সবুজবাগ আবাসিক এলাকায় তিনটি ট্রান্সফরমার ভেঙে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও উপজেলার আরও কয়েকটি স্থানে ট্রান্সফরমারের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
প্রায় এক ঘণ্টাব্যাপী তীব্র ঝড়ের ফলে গাছের ডাল ভেঙে বিদ্যুৎ লাইনের ওপর পড়ে তার ছিঁড়ে যায়। এতে দুপুর থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
ঝড় থামার পরপরই পল্লী বিদ্যুতের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ শুরু করেছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, কালবৈশাখি ঝড়ে বিভিন্ন স্থানে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। এতে কয়েকটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত মেরামত কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সংবাদটি লেখা পযন্ত এখনো কমলগঞ্জের বটতলা, লংগুরপার সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ হয়নি।