• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
দীর্ঘ বিরতির পর আবারও ভিটামিন-এ ক্যাম্পেইন: শ্রীমঙ্গল-কমলগঞ্জে ৬৭ হাজারের বেশি শিশুকে খাওয়ানো হচ্ছে ক্যাপসুল শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। পর্যটন শিল্পের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশ ফুলের চারা রোপণ শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান শ্রীমঙ্গলে নিষিদ্ধ চায়না জালে আবারও অজগর আটকা, ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশকর্মীদের শাহজালাল রাঃ মাজারের দানবাক্সে সিলগালা, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের কড়া পদক্ষেপ শ্রীমঙ্গলের কালিঘাট ইউনিয়ন কমপ্লেক্সে থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার শ্রীমঙ্গলে ডাঃজোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কমলগঞ্জ সীমান্তে বিএসএফের ‘পুশ-ইন’ অভিযোগ: ৬ নারী ও এক শিশুকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেন স্থানীয়রা

রিপোটার : / ১২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া বকশিটিলা সীমান্ত এলাকায় ভারত থেকে আসা ৬ নারী ও এক শিশুকে স্থানীয়রা আটক করে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ভোর প্রায় ৪টার দিকে সীমান্তসংলগ্ন এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী পরিচয় জানতে চাইলে ঘটনাটি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক নারীরা নিজেদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও গ্রামের নাম-ঠিকানা ও অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে বলতে পারেননি। তারা স্থানীয়দের জানান, ভারতের একটি কারাগারে প্রায় ২৫ দিন আটক থাকার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের চোখ বেঁধে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেন। আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হোসেন জানান, ভারত থেকে কয়েকজন নারী ও একটি শিশুকে বাংলাদেশে ‘পুশ-ইন’ করা হয়েছে—এমন খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে থাকা ৬ নারী ও এক শিশুর সঙ্গে কথা বলে জানতে পারেন, তারা ভারতে কারাভোগ শেষে বিএসএফের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তাদের দাবি, তাদের বাড়ি ঢাকায়।
ইউপি সদস্য আবুল হোসেন আরও জানান, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণের জন্য তিনি সেখানে থাকা দুইজন আনসার সদস্যকে অবহিত করেন। তবে প্রাথমিকভাবে খোঁজখবর নেওয়ার পর স্থানীয়রা তাদের ছেড়ে দেন।
এদিকে এলাকাবাসীর ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই নারী ও শিশুকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ‘পুশ-ইন’ করেছে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, “ভোরে আলীনগর ইউনিয়নের চিতলিয়া বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে আড়াই বছর বয়সী এক শিশুসহ ৭ জন নারী বাংলাদেশে প্রবেশ করেছেন বলে খবর পাই। স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ খোঁজখবর নেয়। তবে এরই মধ্যে স্থানীয়রা তাদের ছেড়ে দেওয়ায় পরবর্তীতে অনেক অনুসন্ধান করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।”
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নারী ও শিশুটির প্রকৃত পরিচয় এবং তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।


আরো সংবাদ পড়ুন...