রুবেল আহমদ, শ্রীমঙ্গল : জাপানি দাতব্য সংস্থা সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ড. তাকাহিরো নানরি ও চিয়েকো তাকাহাশির নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল চায়ের রাজধানী শ্রীমঙ্গল সফর করেছেন। সফরকালে তারা কুষ্ঠ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করা আলো সোসাইটির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আলো সোসাইটি দেশের বিভিন্ন এলাকায় কুষ্ঠ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প পরিচালনা করছে। প্রকল্প দুটি হলো—‘ক্ষমতায়নের জন্য শিক্ষা’ প্রকল্প এবং ‘তরুণ মেধাবী’ কর্মসূচি।
সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন চা-বাগানকেন্দ্রিক এলাকায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ‘ক্ষমতায়নের জন্য শিক্ষা’ প্রকল্পের আওতায় চা-বাগান এলাকার কুষ্ঠ আক্রান্ত পরিবার ও কুষ্ঠ ফেডারেশনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিনামূল্যে নিয়মিত কোচিং সুবিধা দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের সুফল শুধু কুষ্ঠ আক্রান্ত পরিবারের সন্তানদের মধ্যেই সীমাবদ্ধ নয়; চা-বাগানকেন্দ্রিক বৃহত্তর জনগোষ্ঠীর শিক্ষার্থীরাও এর মাধ্যমে উপকৃত হচ্ছে।
অন্যদিকে, ‘তরুণ মেধাবী’ কর্মসূচির মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত তরুণদের ব্যক্তিগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নিজ নিজ কমিউনিটিতে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। একই সঙ্গে তাদের আত্মনির্ভরশীলতা ও জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে আলো সোসাইটি।
আলো সোসাইটির প্রকল্প ব্যবস্থাপক ক্লিনটন মালাকার জানান, ভবিষ্যতে আরও বেশি চা-বাগানে এসব কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের পাশাপাশি চা-বাগান এলাকার বৃহত্তর জনগোষ্ঠীর কাছেও বিভিন্ন সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে কুষ্ঠ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের ঘিরে বিদ্যমান সামাজিক কুসংস্কার, বৈষম্য ও নেতিবাচক মনোভাব কমাতেও এসব কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সফরকালে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের প্রতিনিধিরা আলো সোসাইটির চলমান প্রকল্পগুলোর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পের সুবিধাভোগী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ের মাধ্যমে প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি, সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ কার্যক্রমের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন প্রতিনিধিদলের সদস্যরা।
আলো সোসাইটির কর্মকর্তারা জানান, সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত এসব উদ্যোগ কুষ্ঠ আক্রান্ত ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।