শ্রীমঙ্গলে ম্যানেজার বাংলো থেকে ৮ ফুটের অজগর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানের ম্যানেজার বাংলো থেকে প্রায় ৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ম্যানেজার বাংলো এলাকায় অজগর সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে Save Wildlife and Nature (SWAN), Moulvibazar Unit-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।
উদ্ধারের পর অজগরটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। পরে সাপটিকে তার জন্য উপযুক্ত নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দেওয়া হয়।
বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, লোকালয় কিংবা বসতবাড়ির আশপাশে কোনো বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। একই সঙ্গে বন্যপ্রাণীকে বিরক্ত বা আঘাত না করে দ্রুত সংশ্লিষ্ট উদ্ধারকারী দল অথবা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তারা।