নিজস্ব প্রতিবেদক শ্রীমঙ্গল :মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. আনোয়ার মিয়া নামে এক বাবা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাঁর ছেলে আবুল খায়েরের সঙ্গে প্রতিবেশী তামান্না আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২৪ সেপ্টেম্বর তামান্না স্বেচ্ছায় তাঁর ছেলের সঙ্গে চলে যান। পরে অপহরণ মামলায় তাঁর ছেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
আনোয়ার মিয়ার দাবি, তামান্নার লেখা চিঠি, বিয়ের কাগজপত্র, ছবি ও ভিডিওসহ বিভিন্ন তথ্য-প্রমাণ তাঁদের কাছে রয়েছে। অন্যদিকে, তামান্নার বাবা ফখরুল ইসলামের দাবি, তাঁর মেয়ের বয়স ১৪ বছর ৭ মাস এবং তাঁকে অপহরণ করা হয়েছে।
দুই পরিবারের পরস্পরবিরোধী বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান আনোয়ার মিয়া।