মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বন্য শুকর ও বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকরা। দিনের পর দিন পরিশ্রম করে ফলানো ফসল রক্ষায় এখন রাত জেগে মাচাংয়ে বসে পাহারা দিতে হচ্ছে তাঁদের। ফসলি জমির পাশাপাশি বসতবাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছেও হানা দিচ্ছে বন্য প্রাণী। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
উপজেলার সদর ইউনিয়নের লংগুরপার, দক্ষিণ বালিগাঁও বটতলা, সরইবাড়ি, ভেড়াছড়া, রাজটিলা, বাঘমারা ও কালাছড়াসহ মাধবপুর ইউনিয়নের লংগুরপার, টিলাগাঁও ও ভাসানীগাঁও এলাকায় বন্য প্রাণীর এমন উপদ্রব বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কৃষকদের অভিযোগ, বিশেষ করে আউশ ও আমন ধান পাকার আগমুহূর্তে বন্য শুকর ও বানরের দল ফসলি জমিতে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করে। এ কারণে জমির ফসল রক্ষায় কৃষকরা নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে উঁচু মাচাং তৈরি করে রাতভর পাহারা দিচ্ছেন। একটি মাচাং তৈরি করতেই খরচ হচ্ছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা। মাচাং তৈরি করে পাহারা না দিলে বন্য শুকরের আক্রমণে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে।
লাঠি হাতে মাচাং এ বসে ফসল পাহাড়া দিচ্ছেন স্হানীয়রা
দক্ষিণ বালিগাঁও এলাকার বাসিন্দা কৃষক আলম মিয়া বলেন, লাউয়াছড়া বনের জায়গা দখল হয়ে বনভূমির পরিমাণ কমে যাওয়ায় বন্য প্রাণীর আবাসস্থল ও খাবারের সংকট তৈরি হয়েছে। ফলে বন্য শুকর ও বানর রাতে লোকালয়ে এসে কৃষকের ফসলি জমিতে আক্রমণ করছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. আবু মিয়া বলেন, শুধু ফসলি জমি নয়, বসতবাড়ির কলাগাছসহ বিভিন্ন ধরনের ফলদ গাছেরও ক্ষতি করছে বন্য প্রাণী। দিনের বেলায় বানরের যন্ত্রণা আর রাতে বন্য শুকরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন তাঁরা। বিশেষ করে ধান পাকার সময় বন্য প্রাণীর আক্রমণ বেড়ে যায়। তাই বাধ্য হয়ে কৃষকদের রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, রাতে মাচাংয়ে বসে কৃষকরা চিৎকার করেন। পাশাপাশি টিন ও প্লাস্টিকের ড্রাম বাজিয়ে শব্দ করে বন্য প্রাণী তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এতে কৃষকদের রাতের ঘুম হারাম হওয়ার পাশাপাশি বাড়তি অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, বন্য শুকরের আক্রমণ শুধু ফসলের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ফুলবাড়ী চা বাগানে দুই শ্রমিককে আক্রমণ করে আহত করেছিল বন্য শুকর। ফলে সন্ধ্যার পর চলাচলেও আতঙ্কে থাকেন অনেকে।
এ বিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারের মৌলভীবাজারের সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ১ হাজার ২৫০ হেক্টর এলাকার অধিকাংশ জায়গা দখল হয়ে সেখানে লেবু ও পান চাষ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বনভূমি দখল ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে বন্য প্রাণীরা তাদের স্বাভাবিক আবাসস্থল হারিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এর ফলে মানুষ ও বন্য প্রাণীর মধ্যে সংঘাত বাড়ছে।
এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, যেসব এলকায় বন্য প্রাণীরা খাবারের জন্য হানা দিচ্ছে এসব এলকা আমরা চিহ্নিত করবো। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার সাথে আলোচনা করবো। আসলে বনের প্রাণীদেরকে চাইলে আটকানো সম্ভব নয়। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি কি করা যায়।
মাচাং এ বসে ফসল পাহাড়া দিচ্ছেন কৃষক
স্থানীয় কৃষকদের দাবি, ফসল ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বন্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বনভূমি দখলমুক্ত করা এবং মানুষ-বন্য প্রাণীর সংঘাত কমাতে সংশ্লিষ্ট বন বিভাগের কার্যকর উদ্যোগ প্রয়োজন। অন্যথায় প্রতি মৌসুমেই ফসলের ক্ষতির পাশাপাশি কৃষকদের এমন রাতজাগা দুর্ভোগ অব্যাহত থাকবে।