মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গহীনে অবস্থিত হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় লোকজনের সমন্বিত অভিযানে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাত পরিদর্শনের সময় দুর্গম পাহাড়ি পথে দলের একজন সদস্য পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় দলের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
জাতীয় জরুরি সেবা (৯৯৯)-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। খবর পাওয়ার পরপরই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং সবাইকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনা হয়। উদ্ধার অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, “কমলগঞ্জের রাজকান্দি সংরক্ষিত বনের গহীনে অবস্থিত হামহাম জলপ্রপাত পরিদর্শনে ১০ জন শিক্ষার্থী গিয়েছিলেন। তাদের মধ্যে একজন পাহাড়ি পথে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। পরে দলের একজন সদস্য ৯৯৯-এ ফোন করলে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কমলগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”
তিনি আরও বলেন, দুর্গম পর্যটন এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা এবং স্থানীয় গাইডের নির্দেশনা মেনে চলা উচিত।