• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
  • |
  • |
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, চতুর্থবার সম্পাদক মিছির আলী শ্রীমঙ্গলে ছেলেকে অপহরণ মামলায় ফাঁসানোর অভিযোগে বাবার সংবাদ সম্মেলন শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রচারণায় এগিয়ে মোহাম্মদ আলী শ্রীমঙ্গলে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাচাংয়ে রাত জেগে ফসল পাহারা দিচ্ছেন কৃষক, বন্য শুকর ও বানরের তাণ্ডবে দিশেহারা কমলগঞ্জের চাষিরা শ্রীমঙ্গলে কর্মকাণ্ড নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ও নৈরাজ্যর প্রতিবাদে ছাত্রদলের মিছিল। শ্রীমঙ্গলে রিসোর্টে অবস্থান শেষে বের হওয়ার পথে হাসিবের ওপর হামলা ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গলে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। শ্রীমঙ্গলে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

৫৯ বছরেও সরকারি হয়নি পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়, মাস্টার্স পাস শিক্ষকের মজুরি ১৮৬ টাকা

রিপোটার : / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মোঃ আহাদ মিয়া, মৌলভীবাজার-শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা ও ধলাই চা বাগানে ছয় শতাধিক প্রাথমিক বিদ্যালয়গামী শিক্ষার্থী থাকলেও এলাকায় নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে দূরের সরকারি বিদ্যালয়ে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে দরিদ্র চা শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষাজীবনেও তৈরি হচ্ছে নানা প্রতিবন্ধকতা।
পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। বর্তমানে বিদ্যালয়টিতে ১৮৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠার ৫৯ বছর পেরিয়ে গেলেও বিদ্যালয়টি এখনো সরকারি হয়নি। ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর অধীনস্থ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা না থাকায় অধিকাংশ শিক্ষার্থী দূরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হচ্ছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, পাত্রখোলা চা বাগানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছে চার শতাধিক। ধলাই চা বাগানে রয়েছে আরও দুই শতাধিক। দুই চা বাগান মিলিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা ছয় শতাধিক। অথচ এসব শিক্ষার্থীর জন্য এলাকায় নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়।
পাত্রখোলা চা বাগানে স্থায়ী শ্রমিক রয়েছেন প্রায় ১ হাজার ৮৬০ জন এবং অস্থায়ী শ্রমিক রয়েছেন ছয় শতাধিক। বাগানটির জনসংখ্যা প্রায় ১০ হাজার। অন্যদিকে ধলাই চা বাগানেও প্রায় ছয় শতাধিক শ্রমিক কাজ করছেন। এসব শ্রমিক পরিবারের সন্তানদের একটি বড় অংশ প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী।
চার শিক্ষক, বেতন প্রতিদিন ১৮৬ টাকা
পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চারজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। তারা হলেন—প্রধান শিক্ষক প্রদীপ পাল এবং সহকারী শিক্ষক সীমা কৈরি, আব্দুল বারেক ইউসুফ ও শুনিল অলমিক।
প্রধান শিক্ষক প্রদীপ পাল রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি ২০১৪ সালে নিয়োগ পান। সহকারী শিক্ষক সীমা কৈরি স্নাতক (সম্মান) পাস এবং ২০২২ সালে নিয়োগ পান। অপর দুই শিক্ষক আব্দুল বারেক ইউসুফ স্নাতক (পাস) ও শুনিল অলমিক স্নাতক (সম্মান) ডিগ্রিধারী। তারা দুজনই ২০২৬ সালে নিয়োগ পেয়েছেন।
বিদ্যালয় সংশ্লিষ্টদের ভাষ্য, উচ্চশিক্ষিত এসব শিক্ষক চা শ্রমিকদের মজুরি অনুযায়ী প্রতিদিন মাত্র ১৮৬ টাকা করে বেতন পাচ্ছেন। ফলে শিক্ষকদের যোগ্যতা ও দায়িত্বের তুলনায় তাদের পারিশ্রমিক অত্যন্ত কম। দীর্ঘদিনেও বিদ্যালয়টি সরকারি না হওয়ায় শিক্ষকরা যেমন সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি শিক্ষার্থীরাও সরকারি বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে না।
সরকারি স্কুলে ছুটছে শিক্ষার্থীরা
পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ১৮৩ জন শিক্ষার্থী থাকলেও অধিকাংশ শিক্ষার্থী প্রায় আড়াই কিলোমিটার দূরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে।পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পায়। উপবৃত্তির পাশাপাশি বছরের শুরুতে শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। কিন্তু তাদের বিদ্যালয়ে এসব সুবিধা না থাকায় অনেক অভিভাবক সন্তানদের দূরের সরকারি বিদ্যালয়ে ভর্তি করছেন।
এতে ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হচ্ছে। বর্ষাকালে কাদা-পানি ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের ভোগান্তি আরও বেড়ে যায়। ১৮৬ টাকা মজুরিতে চা বাগানে কাজ করেন বাবা-মা স্থানীয়দের ভাষ্য, চা শ্রমিক পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত। দৈনিক ১৮৬ টাকা মজুরিতে কাজ করা শ্রমিকদের পক্ষে সন্তানদের পড়াশোনার পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচ বহন করাও কঠিন। তারপরও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকেরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে চেষ্টা করছেন। চা শ্রমিক পরিবারের শিশুরাও অল্প বয়সেই বুঝতে শিখেছে তাদের বাবা-মা সীমিত মজুরিতে চা বাগানে কাজ করেন। তাই কষ্ট করে দূরের সরকারি বিদ্যালয়ে যেতে হলেও উপবৃত্তি ও অন্যান্য সুযোগ-সুবিধার আশায় তারা সেখানে ভর্তি হচ্ছে।
রাজনৈতিক নেতার দাবি
দীর্ঘ ৫৯ বছরেও পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয় সরকারি না হওয়ার বিষয়ে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আলী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার চা শ্রমিকদের ভোটের জন্য ব্যবহার করেছে, কিন্তু তাদের জীবনমানের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ১৭ বছরেও পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়টি সরকারি করেনি। তিনি আরো বলেন বিএনপি সরকার আসার পর কমলগঞ্জ উপজেলার চা বাগানের ১৭ টি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করনের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছেন, তিনি আশা করেন দ্রুত এসব স্কুল জাতীয়করন করা হবে। কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুর রহিম বাবর বলেন, চা বাগান সহ যে সব এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে বেসরকারি যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেগুলোকে জাতীয় করনের জন্য প্রস্তাবনা পাঠিনো হয়েছে। পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয় সরকারি করা এবং অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। বিদ্যালয়টি সরকারি করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি। শিক্ষকদের বেতন ১৮৭ টাকার বিষয়ে তিনি বলেন চা বাগান তাদের নিয়মনীতি অনুসরণ করে স্কুল পরিচালনা করছে, সেখানে সরকারের কিছু করার নেই,তবে সরকার অবকাঠামো গত উন্নয়ন করতে পারে। স্থানীয়দের দাবি, পাত্রখোলা ও ধলাই চা বাগানের বিপুলসংখ্যক প্রাথমিক শিক্ষার্থীর কথা বিবেচনা করে এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি। পাশাপাশি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত পাত্রখোলা চা বাগান প্রাথমিক বিদ্যালয়টি দ্রুত সরকারি করা হলে চা শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ আরও সহজ হবে।
শিক্ষার আলো থেকে চা বাগানের শিশুদের বঞ্চিত না করে বিদ্যালয়টি সরকারি করাসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও সংশ্লিষ্টরা।


আরো সংবাদ পড়ুন...