রুবেল আহমদ, শ্রীমঙ্গল :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় কলার ছড়ির ভেতর থেকে একটি সবুজ ফণিমনসা সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।
রবিবার (১৭ মে) বিকাল প্রায় ৪টার দিকে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকার করিম মিয়ার কলা, আনারস ও লেবুর আড়তে এ ঘটনা ঘটে। আড়তের কর্মচারীরা কলার ছড়ির ভেতরে হঠাৎ একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
পরে আড়তের মালিক করিম মিয়া বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করলে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গিয়ে দেখতে পান, সাপটি একটি সবুজ ফণিমনসা সাপ এবং সেটি কলার ছড়ির ভেতরে লুকিয়ে রয়েছে।
উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ একটি মৃদু বিষধর প্রজাতির সাপ। সাধারণত এ সাপ শান্ত স্বভাবের হয়ে থাকে এবং মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবে বিরক্ত করা বা আঘাত করলে এটি আত্মরক্ষার্থে ছোবল দিতে পারে।
পরবর্তীতে প্রায় ১০ মিনিটের চেষ্টায় অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, সবুজ ফণিমনসা সাপ বর্তমানে বিলুপ্তপ্রায় প্রজাতির অন্তর্ভুক্ত।
উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। স্থানীয়রা এমন বিরল সাপ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।