শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে চিংড়িতে জেলি পাওয়ায় দুই মাছ বিক্রেতাকে এবং বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে জরিমানা করা হয়েছে। পৃথক তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে নতুন বাজারের বিভিন্ন খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এ সময় বিক্রির জন্য রাখা চিংড়িতে জেলির উপস্থিতি শনাক্ত হয়। পরে দুই মাছ বিক্রেতাকে পৃথক দুটি মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এরপর সিন্দুরখান রোডে অবস্থিত ভিআইপি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে নন-ফুডগ্রেড কালার ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের লেবেল না থাকা, নকল ‘হরলিক্স’ বিস্কুট উৎপাদন, কিছু পণ্যে পরবর্তী দিনের উৎপাদনের তারিখ উল্লেখ এবং অপরিষ্কার ট্রেতে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
অভিযানে আরও দেখা যায়, বেকারিটির মোট ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টি পণ্যের বিএসটিআই অনুমোদন নেই। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সব মিলিয়ে অভিযানে তিনটি মামলায় তিনজন আসামির কাছ থেকে সর্বমোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও মানহীন খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।