নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সুপরিচিত বন্য প্রাণী সংরক্ষক ও শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের কর্ণধার সিতেশ রঞ্জন দেব আর নেই। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে তাঁর জ্যেষ্ঠ পুত্র স্বপন দেব সজল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
সিতেশ রঞ্জন দেব দীর্ঘদিন ধরে বন্য প্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে আসছিলেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আহত, অসুস্থ ও বিপদগ্রস্ত বন্য প্রাণী উদ্ধার করে সেগুলোর চিকিৎসা ও পরিচর্যার ব্যবস্থা করতেন। প্রাণীগুলো সুস্থ হয়ে উঠলে তিনি বন বিভাগের কাছে হস্তান্তর করতেন, যাতে সেগুলো আবার প্রাকৃতিক পরিবেশে ফিরে যেতে পারে।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণে তাঁর এই অসামান্য অবদান স্থানীয়সহ দেশজুড়ে পরিবেশপ্রেমীদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। তাঁর মৃত্যুতে বন ও বন্য প্রাণী সংরক্ষণ অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
সিতেশ রঞ্জন দেবের মৃত্যুতে পরিবেশবাদী, বন্য প্রাণীপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।