নিজস্ব সংবাদদাতা,শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণের পর একটি ভাড়া বাসায় আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিটি গ্রামের আল আমিন ইসলাম (২০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার উকিলবাড়ি বঙ্গবীর রোড এলাকার একটি বাসায় কাজ শেষে বাড়ি ফিরছিল কিশোরীটি। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে কয়েকজন তার পথরোধ করে এবং জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়।
পরে তাকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রাখা হয়। সেখানে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় রোববার সকাল ৯টার দিকে কিশোরীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।