দলীয় কর্মসূচিতে বারবার অনুপস্থিত থেকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে সতর্ক করার পরও পুনরায় দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মহিউদ্দিন ঝাড়ুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।